গানের কথা ঘিরে বিতর্ক
গানের কথা আপত্তিজনক, সেই অভিযোগে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলি থেকে সরিয়ে দেওয়া হল আরও একটি গান। শনিবার মুক্তি পেয়েছিল নোরা ফতেহি ও সঞ্জয় দত্ত অভিনীত ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি। একাধিক দেশীয় ভাষায় মুক্তি পাবে কন্নড় ছবি ‘কেডি: দ্য ডেভিল’। সে ছবির হিন্দি ভার্শনে রয়েছে গানটি। মুক্তির পরেই তা নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রক এবং সেন্সর বোর্ডের কাছে আপত্তি জানিয়েছেন এক আইনজীবী। অভিযোগে বলা হয়েছে, গানের কথার পাশাপাশি তার দৃশ্যায়নও অত্যন্ত অশ্লীল। আপত্তি জানিয়েছে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনও। অশ্লীল গানটিকে নিষিদ্ধ করতে হবে, দাবি তুলেছে তারা। তাদের বক্তব্য, বাকস্বাধীনতা আছে মানেই অশ্লীল এবং সংস্কৃতিবিরুদ্ধ কিছু করা যায় না। ভবিষ্যতে এ ধরনের গান যেন তৈরি না হয় এবং তা মুক্তির জন্য ছাড়পত্র না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে কঠোর নিয়ম জারি করারও অনুরোধ করা হয়েছে। ছবির প্রযোজক ও নির্মাতাদের বিরুদ্ধে মামলাও দায়ের করেছে তারা। ‘সরকে চুনার তেরি সরকে’ গানটি নিয়ে সমালোচনা করেছেন আরমান মালিক-সহ একাধিক গায়কও। ইতিমধ্যেই হিন্দি গানটি সরিয়ে দেওয়া হয়েছে। তবে অন্যান্য ভাষায় ছবির এই গানটি রয়েছে। সম্প্রতি একই অভিযোগে সরিয়ে দেওয়া হয়েছে বাদশার ‘ততীরী’ গানটিও। তাঁর নামেও মামলা দায়ের হয়েছে।