সঞ্জুকে উত্তরসূরি দেখছেন এবি
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: চেন্নাই সুপার কিংস বলতে প্রথমেই ভেসে ওঠে একটা নাম। আর সেটা হল মহেন্দ্র সিংহ ধোনির। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ব্যাটসম্যান এ বি ডিভিলিয়ার্স মনে করেন, সিএসকে এবং ধোনি এখন সমার্থকই
হয়ে গিয়েছে।
জিয়োস্টারে ডিভিলিয়ার্স বলেছেন, ‘‘একটা ব্র্যান্ড তৈরি হতে বছরের পর বছর লেগে যায়। সিএসকে নিজেদের ব্র্যান্ডটা তৈরি করেছে এম এস ধোনিকে সামনে রেখে। সিএসকে-র কথা উঠলে সব সময়ই ধোনির নামটা সবার আগে মনে আসবে। ধোনির ভূমিকা এখন এই ব্র্যান্ডটাকে শক্তিশালী রাখা।’’
এর পরেই এ বি বলেছেন, ‘‘যে কারণে আমি আট-ন’নম্বরে ধোনির কোনও ভূমিকা দেখি না। ওই জায়গায় এসে ধোনি কোনও প্রভাব ফেলতে পারে না ম্যাচে। যেটা গত মরসুমেও দেখা গিয়েছে।’’ তা হলে কী করা উচিত ধোনির? ডিভিলিয়ার্সের মতে, ‘‘ব্যাট হাতে ধোনি এখনও বড় প্রভাব ফেলতে পারে ম্যাচে। কিন্তু যদি ও এত নীচে ব্যাট করে আর নেতৃত্বও না দেয়, তা হলে দলে থাকছে কেন, বোঝা মুস্কিল।’’ যোগ করেন, ‘‘চেন্নাই দলে ধোনির এখনও জায়গা আছে। কিন্তু সেই জায়গা ধরে রাখতে গেলে ওকে ছ’নম্বরের নীচে নামা চলবে না। প্রয়োজনে চার বা পাঁচ নম্বরেও নামতে পারে।’’ ডিভিলিয়ার্সের সাফ কথা, ‘‘ধোনি যদি খেলে, তা হলে ওকে আরও চাপ নিতে হবে। গুরুত্বপূর্ণ সময়ের চাপটা নিয়ে খেলতে হবে।’’
এ বারই রাজস্থান রয়্যালস থেকে সঞ্জু স্যামসনকে নিয়েছে সিএসকে। এই সিদ্ধান্ত কতটা সুদূরপ্রসারী হতে চলেছে? ডিভিলিয়ার্সের জবাব, ‘‘ধোনির হাত থেকে ব্যাটন তুলে নেওয়ার ঠিক লোক হল সঞ্জু। ধোনিকেও কৃতিত্ব দিতে হবে যে, ও খেলা চালিয়ে যাচ্ছে যত ক্ষণ না পর্যন্ত ঠিক লোকটা আসে।’’
সঞ্জুকে নেওয়া যে দারুণ সিদ্ধান্ত, সেটা মনে করেন অনিল কুম্বলেও। ভারতের কিংবদন্তি প্রাক্তন ক্রিকেটার জিয়োস্টারে বলেছেন, ‘‘ভারতীয় ক্রিকেটে প্রজন্মের পর প্রজন্ম ধরে এক জনের হাত থেকে আর এক জনের হাতে ব্যাটন গিয়েছে। সুনীল গাওস্কর থেকে সচিন তেন্ডুলকর, তার পরে বিরাট কোহলি। ধোনিও এই প্রজন্মের। রাহুল দ্রাবিড়, সৌরভ গঙ্গোপাধ্যায়ের পরে ব্যাটন যায় ধোনি, কোহলিদের হাতে। সঞ্জুকে নেওয়াটা সিএসকে-র দারুণ সিদ্ধান্ত।’’
চর্চায়: কত নম্বরে ব্যাট করতে দেখা যাবে ধোনিকে? ফাইল চিত্র