যুদ্ধের মাঝেও ক্যান্ডিডেটসে প্রজ্ঞারা
নিজস্ব প্রতিবেদন
১৭ মার্চ: পশ্চিম এশিয়ায় যুদ্ধের মাঝেই ক্যান্ডিডেটসে অংশ নিতে সাইপ্রাসে উড়ে যাবেন আর. প্রজ্ঞানন্দ, তাঁর দিদি বৈশালী ও দিব্যা দেশমুখরা। কোনেরু হাম্পি যদিও এই প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
২৮ মার্চ থেকে শুরু হচ্ছে ক্যান্ডিডেটস। কিংবদন্তি বিশ্বনাথন আনন্দও জানিয়েছেন, ক্যান্ডিডেটসের জন্য প্রস্তুতি নিচ্ছেন প্রজ্ঞানন্দ। তিনি বলেছেন, ‘‘ওর অভিজ্ঞতা আছে। শেষ কয়েক মাসে আরও শান্ত হয়ে গিয়েছে। মানসিক ভাবে হয়তো ক্যান্ডিডেটসের জন্য তৈরি হচ্ছে।’’ যোগ করেন, ‘‘ওর কাছে ভাল সুযোগ। ও যদি নিজের সেরাটা দিতে পারে, ওকে হারানো কঠিন হবে।’’
অনীশ গিরিকেও এগিয়ে রাখছেন আনন্দ। তাঁর কথায়, ‘‘অনীশ হাল ছাড়ার ছেলে নয়। ও শেষ পর্যন্ত লড়াই করবে। ওকে হারানো কঠিন। তবে প্রজ্ঞা যদি ছন্দে থাকে, ওকে আটকানো যাবে না।’’ হাম্পি যদিও মনে করেন, জীবনের ঝুঁকি নিয়ে
খেলতে যাওয়ার কোনও মানে হয় না। তিনি বলেছেন, ‘‘সারাক্ষণ মিসাইল উড়ে এসে পড়ছে। ড্রোন আক্রমণ হচ্ছে। এর মাঝে খেলতে যাব কেন? জীবনের ঝুঁকি নিয়ে একটি প্রতিযোগিতায় খেলতে যাওয়ার তো মানে হয় না।’’
পরীক্ষা: ক্যান্ডিডেটসে বাজিমাত করবেন প্রজ্ঞা, দিব্যা? ফাইল চিত্র