রাষ্ট্রপুঞ্জের সাহায্য চাইলেন রশিদ
কাবুলের হাসপাতালে পাকিস্তানের হামলার প্রতিবাদ জানিয়েছেন আফগানিস্তানের ক্রিকেটার রশিদ খান থেকে মহম্মদ নবি। রাষ্ট্রপুঞ্জের হস্তক্ষেপ চেয়েছেন তাঁরা। রশিদ সমাজমাধ্যমে লেখেন, ‘‘পাকিস্তানের হামলায় আফগানিস্তানের সাধারণ মানুষের মৃত্যুতে আমি স্তম্ভিত। সাধারণ মানুষের বাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতালে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যে কোনও হামলাই অপরাধ। রমজানের পবিত্র মাসে এ রকম হত্যালীলা খুবই আতঙ্কের। এতে হিংসা ও ঘৃণা আরও বাড়বে।’’ এর পাশাপাশি নবি লিখেছেন, ‘‘কাবুলের হাসপাতালে আশার মৃত্যু ঘটল। যে তরুণেরা চিকিৎসার জন্য গিয়েছিলেন, তাঁরা পাকিস্তানের সেনা শাসনের বলি হলেন।’’
শীর্ষেই স্মৃতি
সদ্য প্রকাশিত আইসিসি ওয়ান ডে ক্রিকেটের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন স্মৃতি মন্ধানা। পাশাপাশি ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর এক ধাপ এগিয়ে আছেন সাত নম্বরে। এ ছাড়া ভারতীয়দের মধ্যে প্রথম কুড়িতে আছেন জেমিমা রডরিগ্স। তিনি আছেন ১২ নম্বরে। পাশাপাশি টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় মন্ধানা আছেন দু’নম্বরে। এই তালিকায় শীর্ষে থাকা অস্ট্রেলিয়ার বেথ মুনি এগিয়ে আছেন স্মৃতির চেয়ে ১৭ র্যাঙ্কিং পয়েন্টে। স্মৃতি ছাড়া প্রথম দশে থাকা ভারতীয় খেলোয়াড়দের মধ্যে ছ’নম্বরে আছেন শেফালি বর্মা। জেমিমা ১১ নম্বরে। হরমনপ্রীত এই তালিকায় আছেন ১৫ নম্বরে।
এমসিসির রায়
বাংলাদেশের সঙ্গে দ্বিতীয় ওয়ান ডে-তে বিতর্কিত রান আউট নিয়ে পাকিস্তানের সলমন আঘার সমালোচনা করল মেরিলিবোন ক্রিকেট ক্লাব (এমসিসি)। এই ম্যাচে মহম্মদ রিজ়ওয়ানের শট নন স্ট্রাইক প্রান্তে থাকা আঘার দিকে গেলে তিনি ক্রিজ়ের বাইরে দাঁড়িয়ে সেই বল ফেরত দিতে যান বাংলাদেশের অধিনায়ক মেহদি হাসান মিরাজ়কে। তিনি সেই বল তুলে বেল ফেলে দেন। আম্পায়ার আউট দিলে শুরু হয় বিতর্ক। এমসিসি জানিয়েছে ক্রিজ়ের বাইরে থাকায় আঘা পরিষ্কার আউট ছিলেন। ফিল্ডিং করা দলের অনুমতি না থাকলে ব্যাটসম্যান কখনওই বলে হাত দিতে পারবেন না। এটা পরিষ্কার করে দিয়েছে এমসিসি।
কনওয়ের দাপট
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ে দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াল নিউ জ়িল্যান্ড। প্রথম ম্যাচে কেশব মহারাজরা ৭ উইকেটে জিতেছিলেন। তবে মঙ্গলবার দ্বিতীয় ম্যাচে ৬৮ রানে জিতল নিউ জ়িল্যান্ড। ডেভন কনওয়ের ৪৯ বলে ৬০ রানের সাহায্যে প্রথমে ব্যাট করে ১৭৫-৬ তুলেছিল নিউ জ়িল্যান্ড। জবাবে ১০৭ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা। কেউই দাঁড়াতে পারেননি। তাঁদের ইনিংসে সর্বোচ্চ রান জর্জ লিন্ডের ৩৩। তিনটি করে উইকেট নিয়েছেন লকি ফার্গুসন এবং বেন সিয়ার্স।
বেবি লিগ
প্রয়াত জগমোহন ডালমিয়ার হাতে তৈরি ন্যাশনাল ক্রিকেট ক্লাব (এনসিসি) ও মেনল্যান্ড সম্বরণ ক্রিকেট অ্যাকাডেমির যৌথ উদ্যোগে বুধবার থেকে শুরু হচ্ছে ‘বেবি লিগ’। ৮-১০ বছরের খুদে ক্রিকেটারদের নিয়ে হবে ২৪ দলের প্রতিযোগিতা। প্রত্যেক দল খেলবে ১০ ওভার করে। ফাইনাল ২৫ মার্চ।