ডাকে বায়োমেট্রিক
}} এ বার থেকে ই-কেওয়াইসি অর্থাৎ আধার ভিত্তিক বায়োমেট্রিক শনাক্তকরণের মাধ্যমেই মূলত গ্রামীণ এলাকায় ডাকঘর সেভিংস অ্যাকাউন্টের টাকা লেনদেন করা যাবে বলে নির্দেশিকা জারি করল ডাক বিভাগ। এখন থেকে ‘ড্রিম’ অ্যাপের মাধ্যমে গ্রামীণ ডাকঘরের সিঙ্গল সেভিংস অ্যাকাউন্টের গ্রাহকেরা অনলাইন নথিভুক্তকরণের মাধ্যমে ৫০ হাজার টাকা পর্যন্ত জমা এবং ২০ হাজার টাকা পর্যন্ত তুলতে পারবেন। এর জন্য চেক কিংবা স্লিপ লাগবে না। তবে গ্রাহকের মোবাইল নম্বর অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকতে হবে। অন্যথায় পয়লা সেপ্টেম্বরের পর আর এই পরিষেবা মিলবে না। বিভাগের দাবি, এতে গ্রামীণ এলাকায় সহজেই টাকা তোলা ও জমা
দিতে পারবেন গ্রাহকেরা।
গ্যাস-ভর্তুকি পেতে
}} রান্নার গ্যাস (এলপিজি) নিয়ে মাস তিনেক ধরে চলা সঙ্কটের মধ্যেই ভর্তুকি পেতে ই-কেওয়াইসি বাধ্যতামূলক করল রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। আগামী ৩০ জুনের মধ্যে গ্রাহকেরা ই-কেওয়াইসি সম্পূর্ণ না করলে গ্যাস সিলিন্ডারে আর ভর্তুকি পাবেন না। কলকাতায় ৯৬৮ টাকার গৃহস্থালির সিলিন্ডারে এখন ১৯.৫৭ টাকা ভর্তুকি মেলে। উজ্জ্বলায় অতিরিক্ত দেওয়া হয় ৩০০ টাকা। উজ্জ্বলা গ্রাহকদের অবশ্য ই-কেওয়াইসি প্রতি বছর এক বার করতে হবে। ভর্তুকি নিয়ে বার বার ডিলারদের (বিক্রেতা) কাছে নির্দেশিকা পাঠাচ্ছে তেল সংস্থাগুলি। তবে মোট গ্রাহকের ৯৩-৯৫ শতাংশেরই ই-কেওয়াইসি করা আছে। ডিলার সংগঠনের পরামর্শ, আপাতত ভর্তুকি এবং পরবর্তী কালে নির্ঝঞ্ঝাটে রান্নার গ্যাস পেতে বাকিদেরও অবিলম্বে তা করে নেওয়া উচিত।