ভারত হারাল পাকিস্তানকে
নিজস্ব প্রতিবেদন
২৩ জুন: বিশ্ব হকি সংস্থার (এফআইএইচ) প্রো লিগে মঙ্গলবার লন্ডনে ভারত ৪-৩ গোলে হারাল পাকিস্তানকে।
প্রায় দু’বছর পরে আন্তর্জাতিক মঞ্চে মুখোমুখি হয়েছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল। যদিও ম্যাচের প্রথমে এগিয়ে গিয়েছিল পাকিস্তান। ৮ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আহমেদ নাদিমের গোলে। দ্রুতই জবাব দেয় ভারতীয় দল। অভিষেক ২২ মিনিটে সমতা ফেরান। ভারত এর পরে ২৪ মিনিটে ২-১ এগিয়ে যায় নীলকান্ত শর্মার পেনাল্টি কর্নার থেকে গোলে। ৪০ মিনিটে ব্যবধান বাড়ান সুখজিৎ সিংহ (৩-১)। রাজিন্দর সিংহ ৪-১ করেন তার পরে পেনাল্টি কর্নার থেকে গোলে। তবে শেষ কোয়ার্টারে পাকিস্তান ঘুরে দাঁড়ায়। আবু মেহমুদ (৫৩) এবং মইন শাকিল (৬০) পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান কমান। তাতেও অবশ্য ভারতের জয় আটকায়নি। এর পরে হরমনপ্রীত সিংহরা মুখোমুখি হবেন ইংল্যান্ডের।
আন্তর্জাতিক হকিতে ২০১৪ থেকে পাকিস্তানের কাছে হারেনি ভারত। সব মিলিয়ে টানা ভারত জিতল ১৮ ম্যাচে।