বাজারে এসে ক্ষোভ প্রকাশ অগ্নিমিত্রার
}} উত্তর কলকাতার কাঁকুড়গাছির ভিআইপি বাজার পরিদর্শনে এসে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মঙ্গলবার সকালে কলকাতা পুরসভার আধিকারিকদের নিয়ে বাজার পরিদর্শনে আসেন মন্ত্রী। বাজারের যত্রতত্র ঝুলে থাকা বিদ্যুতের তার, অবৈধ পার্কিং-বিজ্ঞাপন, জঞ্জাল অপসারণ প্রক্রিয়া থেকে শুরু করে নানা বিষয়ে অব্যবস্থা নিয়ে ক্ষোভ উগরে দেন তিনি। মন্ত্রীর অভিযোগ, গত ৫০ বছরে এই বাজারের উন্নয়ন হয়নি। বাজারের ভিতরে দোকানের সামনের অংশ জঞ্জালে ভর্তি। নির্দিষ্ট দোকানের বাইরে অতিরিক্ত জায়গা দখল করেছেন দোকানদারেরা। অগ্নিমিত্রা ব্যবসায়ীদের হুঁশিয়ারি দেন, নিয়মিত জঞ্জাল সাফ না করলে পুরসভাকে জরিমানা দিতে হবে। পুরসভার যুগ্ম কমিশনার জ্যোতির্ময় তাঁতিকে প্রয়োজনীয় পদক্ষেপ করতেও নির্দেশ দেন মন্ত্রী।