ধর্ষণের চেষ্টার অভিযোগ, গ্রেফতার অভিনেত্রীর আপ্ত সহায়ক
নিজস্ব সংবাদদাতা
এক তরুণীকে ধর্ষণের চেষ্টা ও যৌন নিপীড়নের অভিযোগে গ্রেফতার হলেন টালিগঞ্জের এক অভিনেত্রীর আপ্ত সহায়ক। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম অর্ঘ্য মুখোপাধ্যায়। বাড়ি হাওড়ার চ্যাটার্জিহাট থানার ষষ্ঠীতলার অনন্তদেব মুখার্জি লেনে। ওই তরুণীর অভিযোগের পরিপ্রেক্ষিতে সোমবার অভিযুক্ত যুবককে গ্রেফতার করা হয়। ধৃতের বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা-সহ যৌন নিপীড়নের মতো একাধিক জামিন-অযোগ্য ধারায় মামলা রুজু হয়েছে।
পুলিশ সূত্রের খবর, অভিযুক্তের সঙ্গে উত্তর কলকাতার বাসিন্দা ওই তরুণীর দীর্ঘ দিনের বন্ধুত্ব। অর্ঘ্যের একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থা রয়েছে। ওই তরুণীও অন্য একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থায় চাকরি করেন। তাঁর অভিযোগ, গত ১২ এপ্রিল তিনি যখন হাওড়ায় অর্ঘ্যের বাড়িতে যান, তখন ওই যুবক তাঁকে ধর্ষণের চেষ্টা করেন ও যৌন নিপীড়ন করেন। এই ঘটনার প্রায় আড়াই মাস পরে, গত ২৭ জুন চ্যাটার্জিহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী। ঘটনার এত দিন পরে অভিযোগ কেন? এর কারণ হিসাবে পুলিশকে তরুণী জানিয়েছেন, যে হেতু অভিযুক্ত যুবক এবং তিনি একই পেশায় কাজ করেন এবং অভিযুক্তের সঙ্গে তাঁর অফিসের পদস্থ আধিকারিকদের ভাল সম্পর্ক ছিল, তাই ভয়ে তিনি আগে অভিযোগ জানাতে পারেননি।
হাওড়া সিটি পুলিশের এক পদস্থ কর্তা বলেন, ‘‘ওই তরুণীর থেকে লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু হয়। প্রাথমিক তদন্তের পরে রবিবার রাতে অভিযুক্তকে তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে।’’
পুলিশ জানায়, ধৃতকে ১৪ দিনের জেল হেফাজতে চেয়ে হাওড়া আদালতে পেশ করা হলে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দেন বিচারক। এ দিন অভিযুক্তের পক্ষে তাঁর আইনজীবী শঙ্খজিৎলাল মিত্র বলেন, ‘‘অভিযুক্ত ও অভিযোগকারিণী দীর্ঘদিনের বন্ধু। কিন্তু ঘটনা ঘটার এত দিন পরে কেন অভিযোগ দায়ের করা হল, তা নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। সব কিছু তদন্তের উপরে নির্ভর করছে।’’