উত্তর এবং দক্ষিণে সরকারি বাসের একাধিক নতুন রুট চালু
ফিরোজ ইসলাম
নতুন সরকার ক্ষমতায় আসার পরে রাজ্যের সরকারি পরিবহণ নিগমগুলির হাল ফেরাতে তৎপরতা বেড়েছে। অফিসের ব্যস্ত সময়ে বাসের সংখ্যা বাড়ানো ছাড়াও বিভিন্ন পুরনো রুট ফের চালু করার উদ্যোগ শুরু হয়েছে। যদিও বহু রুটে দুপুর এবং রাতের দিকে এখনও বাসের অভাব প্রকট। সরকারি পরিবহণ নিগমগুলিতে জ্বালানি কেনার টাকা বরাদ্দ করা ছাড়াও বাসের রক্ষণাবেক্ষণের প্রয়োজন মেটাতেও টাকা বরাদ্দ করেছে সরকার। এর ফলে একাধিক বন্ধ হয়ে যাওয়া বাস রুটে পুনরায় পরিষেবা শুরু করার পাশাপাশি কিছু ক্ষেত্রে সেগুলির পরিমার্জন করা হচ্ছে। সব মিলিয়ে সচল হচ্ছে কম-বেশি চারটি বাস রুট।
ইতিমধ্যেই গত ১১ জুলাই থেকে খড়দহ থেকে নবান্নের মধ্যে নতুন বাস রুট চালু করেছে রাজ্য পরিবহণ নিগম। এস-৭১ নামের ওই রুটে খড়দহ থেকে ডানলপ, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এসপ্লানেড, পুলিশ ট্রেনিং স্কুল হয়ে নবান্ন পর্যন্ত নন-এসি বাস চলবে। সকাল এবং বিকেল মিলিয়ে প্রতিটি শিফটে দু’টি করে বাস চালানো হচ্ছে ওই রুটে। ওই একই দিন থেকে এস-২বি রুটের বাস, যা ২০১৯ সাল থেকে বন্ধ ছিল, সেটি এবং ৩৩ নম্বর বাসের রুটকে কিছুটা পরিমার্জন করে এস-৩৩এ নামের নতুন একটি রুটে পরিষেবা চালু করা হয়েছে।
এস-২বি রুটে বাগবাজার থেকে বালিগঞ্জের মধ্যে বাস চলবে। বাগবাজার থেকে বাস ছেড়ে শ্যামবাজার, বিধান সরণি, বি বি গাঙ্গুলি স্ট্রিট, এসপ্লানেড, হাজরা, গড়িয়াহাট হয়ে বালিগঞ্জ পর্যন্ত যাবে। প্রায় সাড়ে ১৪ কিলোমিটার দীর্ঘ এই রুটে প্রত্যেক শিফটে তিনটি করে সরকারি বাস চালানো হচ্ছে।
এস-৩৩এ রুটে পাইকপাড়া থেকে পার্ক সার্কাসের মধ্যে সরকারি বাস চালু হয়েছে। এই রুটে আর জি কর হাসপাতাল, শ্যামবাজার, মানিকতলা, শিয়ালদহ, মৌলালি, পদ্মপুকুর হয়ে পার্ক সার্কাস পর্যন্ত বাস চলছে। প্রায় ১১ কিলোমিটার দীর্ঘ ওই রুটে প্রতি শিফটে তিনটি করে বাস চালানো হচ্ছে।
এর পাশাপাশি, ব্যারাকপুর কোর্ট থেকে এসপ্লানেডের মধ্যে আজ, মঙ্গলবার একটি বাস রুটের সূচনা করবেন পরিবহণমন্ত্রী অর্জুন সিংহ। ব্যারাকপুর থেকে খড়দহ বাজার, ডানলপ, সিঁথির মোড়, শ্যামবাজার, চিত্তরঞ্জন অ্যাভিনিউ হয়ে চলবে ওই রুটের বাস। প্রায় ২৯ কিলোমিটার দীর্ঘ রুটে সকাল এবং সন্ধ্যায় প্রত্যেক শিফটে দু’টি করে বাস চলবে।
আজ, মঙ্গলবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী দীপঙ্কর জানা ঝড়খালি থেকে ক্যানিং হয়ে বারুইপুর পর্যন্ত এসটি-৪০ রুটের বাসের সূচনা করবেন। এরই মধ্যে সোমবার পরিবহণমন্ত্রী বেলতলায় আঞ্চলিক পরিবহণ দফতর পরিদর্শনে যান। সেখানে দালাল-রাজ বন্ধে একাধিক নির্দেশ দেন তিনি।