বিশ্বকাপের দাবিদার ফ্রান্স, বলছেন কান
নিজস্ব প্রতিবেদন
১৩ জুলাই: বিশ্বকাপের ইতিহাসে প্রথম বার র্যাঙ্কিংয়ে থাকা প্রথম চারটি দল উঠেছে সেমিফাইনালে। রবিবার নির্ধারিত হবে খেতাব-ভাগ্য। খেতাব জয়ের সেরা দাবিদার কে? জার্মানির কিংবদন্তি অলিভার কানের ভোট ফ্রান্সের দিকে।
প্রথম সেমিফাইনালে মঙ্গলবার রাতে ডালাসে মুখোমুখি স্পেন ও ফ্রান্স। চব্বিশ ঘণ্টা পরে আটলান্টায় নামছে আজেন্টিনা এবং ইংল্যান্ড। কেন ফ্রান্সকে এগিয়ে রাখছেন তিনি? কান বলেছেন, “এত দিন পর্যন্ত যা খেলা দেখেছি, তাতে একটা দলকে বেছে নিতে বললে আমার ভোট থাকবে ফ্রান্সের দিকে। দলের ভারসাম্য, বেঞ্চের শক্তি এবং ম্যাচ জেতার সামর্থ্যের ভিত্তিতে ফ্রান্সই সবচেয়ে পরিপূর্ণ দল।” তিনি আরও যোগ করেছেন, “তবে শেষ চারে থাকা দলগুলির মধ্যে ব্যবধান খুবই সামান্য। যে কেউ শেষ পর্যন্ত বিশ্বকাপ
জিততে পারে।”
ফ্রান্স বনাম স্পেনের এই মহারণকে প্রতিযোগিতার অন্যতম আকর্ষণীয় কৌশলগত লড়াই হিসেবেও দেখছেন কান। তিনি বলেছেন, “মাঝমাঠের নিয়ন্ত্রণ রাখার পাশাপাশি যে দল রক্ষণের ভারসাম্য নষ্ট করবে না, তারাই এগিয়ে থাকবে। সেমিফাইনালের মতো ম্যাচে দীর্ঘ সময় ধরে আধিপত্য ধরে রাখা নয়, বরং ছোট ছোট মুহূর্তগুলিই ম্যাচের ফারাক গড়ে দেয়।” জার্মান কিংবদন্তি এও বলেন, “স্পেনকে ধৈর্য ধরতে হবে। আক্রমণে গিয়ে লক্ষ্যভ্রষ্ট হলে চলবে না। প্রতিআক্রমণেও ফ্রান্স বিশ্বের অন্যতম সেরা দল। তাই স্পেনকেও রক্ষণে জোর দিতে হবে।’’