অস্ত্রোপচারে সুস্থ জটিল হৃদ্রোগে আক্রান্ত সদ্যোজাত
নিজস্ব সংবাদদাতা
জন্মগত জটিল হৃদ্রোগে আক্রান্ত ছিল একরত্তি। মালদহের বাসিন্দা, ১২ দিন বয়সি ওই শিশুকে অস্ত্রোপচার করে নতুন জীবন দিল আলিপুরের একটি বেসরকারি হাসপাতাল। শিশুটি সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
পরিজনেরা জানাচ্ছেন, জন্মের চতুর্থ দিন থেকে তীব্র জ্বরে আক্রান্ত হয় শিশুটি। মালদহের স্থানীয় হাসপাতালে ভর্তি করলেও রোগ ধরা পড়েনি। এর পরে কলকাতার বি পি পোদ্দার হাসপাতালে শিশুটিকে নিয়ে আসেন পরিজনেরা। সেই সময়ে তার তীব্র শ্বাসকষ্ট ছিল। চিকিৎসকেরা জানাচ্ছেন, পরীক্ষায় ধরা পড়ে, শিশুটি ‘টোটাল অ্যানোম্যালাস পালমোনারি ভেনাস কানেকশন’ (টিএপিভিসি) নামক হৃদ্রোগে আক্রান্ত। এই রোগে ফুসফুসের শিরায় রক্ত বা তরল জমে থাকে। ফলে হৃৎপিণ্ড ফুসফুস থেকে রক্ত ঠিক মতো পাম্প করতে পারে না। সে ক্ষেত্রে রক্ত শিরায় আটকে থাকায় তীব্র শ্বাসকষ্ট হয়।
ওই হাসপাতালের কার্ডিয়োথোরাসিক অ্যান্ড ভাস্কুলার শল্য চিকিৎসক রশিদ জেয়া আয়ুবির নেতৃত্বে প্রায় ছ’ঘণ্টার অস্ত্রোপচার করা হয়। রশিদ বলেন, ‘‘এটি অত্যন্ত বিরল জন্মগত হৃদ্রোগ। প্রতি এক লক্ষ সদ্যোজাতের মধ্যে মাত্র সাত-আট জন এই সমস্যায় আক্রান্ত হয়।
সময় মতো রোগ নির্ণয় ও অস্ত্রোপচার না হলে শিশুটির প্রাণ বাঁচানো সম্ভব হত না।’’