পুলিশ পরিচয়ে লুট, ধৃত আরও এক
নিজস্ব সংবাদদাতা
পুলিশ পরিচয়ে প্রায় দু’কোটি টাকা লুটের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে টালিগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম চন্দন মুখোপাধ্যায় ওরফে সঞ্জয় দাস। রবিবার রাতে পাটুলির একটি অতিথিশালা থেকে তাকে ধরা হয়। এই ঘটনায় এর আগে আরও এক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে সে পুলিশি হেফাজতে রয়েছে। পুলিশ জানিয়েছে, দু’জনের কাছ থেকে এখনও পর্যন্ত ২৫ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে। তবে ঘটনার মূল অভিযুক্ত-সহ বাকিরা পলাতক।
গত শুক্রবার টালিগঞ্জ থানা এলাকার প্রতাপাদিত্য রোডের একটি অফিসে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে হানা দেয় এক দল দুষ্কৃতী। তারা জানায়, ওই অফিসে হিসাব বর্হিভূত টাকা রয়েছে। এর পরে তল্লাশি চালিয়ে প্রায় দু’কোটি টাকা লুট করে পালায় দুষ্কৃতী দলটি। নকল পুলিশের দ্বারা প্রতারিত হয়েছেন বুঝতে পেরে থানায় অভিযোগ জানান সংস্থা কর্তৃপক্ষ। তদন্তে নেমে সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ প্রথমে সুরজিৎ ঘোষ নামে এক অভিযুক্তকে ধরে। তাকে জেরা করে চন্দনের নাম জানা যায়। পুলিশের অনুমান, এই ঘটনার মূল মাথা ভিন্ রাজ্যের কোনও ব্যক্তি। তার খোঁজ শুরু হয়েছে।