মাদক দ্রব্যের বিরুদ্ধে অভিযানের নির্দেশ
নিজস্ব সংবাদদাতা
অবৈধ মদ এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের বিরুদ্ধে বিশেষ অভিযান শুরু করার জন্য থানাকে নির্দেশ দিল লালবাজার। সূত্রের খবর, রবিবার সব থানাকে দু’সপ্তাহ ধরে ওই অভিযান
চালাতে বলা হয়েছে। কী পরিমাণে অবৈধ মদ এবং নিষিদ্ধ মাদক দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে, কোনও অভিযুক্ত গ্রেফতার হয়েছে কিনা, তা প্রতিদিন গোয়েন্দা বিভাগকে জানাতে হবে
বলে থানার ওসিদের নির্দেশ দেওয়া হয়েছে।
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ এবং খুনের ঘটনায় মাদকের ভূমিকা রয়েছে বলে অভিযোগ উঠেছে। সামাজিক অপরাধের নেপথ্যে মাদকের ভূমিকার কথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন। সে জন্য রাজ্য জুড়ে অবৈধ মদ এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের বিরুদ্ধে পুলিশকে বিশেষ অভিযান চালানোর নির্দেশও দিয়েছিলেন। তার পরিপ্রেক্ষিতেই লালবাজারের তরফে পুলিশের কর্তারা থানাগুলিকে মদ ও মাদকের বিরুদ্ধে অভিযোগ জানাতে বলেছেন।
অবৈধ মদ এবং নিষিদ্ধ মাদক দ্রব্যের কতগুলি মামলা থানায় রুজু হয়েছে, কত জন গ্রেফতার হয়েছে, কী পরিমাণ বেআইনি মদ এবং নিষিদ্ধ মাদক দ্রব্য বাজেয়াপ্ত হয়েছে, তা-ও থানাগুলিকে বিস্তারিত ভাবে জানাতে বলেছে লালবাজার।