তরুণীকে বাড়িতে ডেকে ‘ধর্ষণ’, ধৃত তিন
নিজস্ব সংবাদদাতা
দক্ষিণ কলকাতায় এক তরুণীকে ধর্ষণ ও যৌন হেনস্থার অভিযোগে তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম টিঙ্কু মণ্ডল, কৌশিক ও বাবাই। পুলিশ সূত্রের দাবি, রবিবার শেষ রাতে টিঙ্কু নিজের বাড়িতে ওই তরুণীর সঙ্গে জোর করে শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ। পাশাপাশি, কৌশিকের বিরুদ্ধেও যৌন হেনস্থার অভিযোগ রয়েছে।
অভিযোগ, এর পরে তিন জন মিলে তরুণীর মোবাইল ফোন আটকে রেখেছিল। পরে তদন্তে নেমে সেটি উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, মূল অভিযুক্ত টিঙ্কুর সঙ্গে তরুণীর পূর্ব-পরিচয় ছিল। ওই রাতে তিনি অভিযুক্তের বাড়িতে গিয়েছিলেন। বাকি দুই অভিযুক্তের ভূমিকা খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত টিঙ্কুর বাবা বলেন, “ছেলে আগে নেশা করত। রিহ্যাবে ছিল। ফিরে এসে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তারক্ষীর কাজ করছিল।” টিঙ্কুর মায়ের দাবি, “ওর ঘর আলাদা দিকে। সবটা জানি না। তবে, মেয়েটিকে বেরিয়ে যেতে দেখেছি। এত রাতে কেন এসেছিল, জানি না। তখন ওর এক বন্ধুও ঘরে ছিল।” অভিযোগের সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
সোমবার অভিযুক্তদের আলিপুরের অতিরিক্ত মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালতে পেশ করা হয়। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘গুরুতর ঘটনা। লিখিত অভিযোগ পাওয়ার পরেই সঙ্গে সঙ্গে দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করে পরে আরও এক জনকে গ্রেফতার করা হয়। অভিযুক্তদের মোবাইল ফোন এবং পরনের জামাকাপড় ফরেন্সিক পরীক্ষার জন্য পাঠানো হবে। ওই ঘটনা কোথায় ঘটেছিল, তা নির্দিষ্ট করে জানার পাশাপাশি, ঘটনার পুনর্নির্মাণও করতে হবে। তাই
অভিযুক্তদের পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত জরুরি।’’ বিচারক ১৮ জুলাই পর্যন্ত তিন অভিযুক্তকে পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।