‘তুম্বড়’-এর রহস্য জগতে আলিয়া
সোহম শাহ-র ‘তুম্বড় টু’-এ থাকছেন আলিয়া ভট্ট। সিকুয়েলে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। ‘তুম্বড়’ মুক্তির পর থেকেই এর লোককথানির্ভর অতিপ্রাকৃতিক ঘরানা দর্শকের মধ্যে জনপ্রিয়তা পেয়েছিল। লোককথায় রহস্যজনক হাস্তারের গল্প, কোঙ্কণ উপকূলের বৃষ্টিভেজা ভূপ্রকৃতি চোখ টেনেছিল দর্শকের। ছবিটি পুনর্মুক্তিতে প্রায় তিনগুণ বেশি ব্যবসা করেছিল। এ বার সেই ফ্র্যাঞ্চাইজ়ির সঙ্গে যুক্ত হলেন আলিয়া। অভিনেত্রীর কথায়, “প্রথম বার দেখার পর থেকেই ‘তুম্বড়’ আমার মনে রয়ে গিয়েছে। খুব কম সিনেমাই এমন এক কল্পজগৎ তৈরি করতে পারে যা দর্শকের মনে দাগ কাটে। ‘তুম্বড়’-এর এই জগৎটায় আমিও ঢুকতে চেয়েছিলাম। তাই সুযোগটা হাতছাড়া করিনি।” আলিয়ার শেষ দু’টি ছবি ‘জিগরা’ বা ‘আলফা’ কোনওটিই বক্স অফিসে খুব ভাল ফল করেনি। সেইজন্যই হয়তো জনপ্রিয় অতিপ্রাকৃতিক ঘরানার দিকে ঝুঁকছেন অভিনেত্রী নিজেও।
ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন নওয়াজ়উদ্দিন সিদ্দিকী। আগের গল্পের সূত্র ধরেই সিকুয়েলের চিত্রনাট্য লেখা হয়েছে বলে জানিয়েছিলেন নির্মাতারা। ‘তুম্বড়’-এর শেষে বিনায়ক রাও (সোহম) ও তার ছেলে টোপ হিসেবে আটার পুতুল নিয়ে হাস্তারের ডেরায় গেলে আটকে পড়ে। ছেলেকে বাঁচাতে প্রাণ দেয় বিনায়ক। সেই সময় থেকে কুড়ি বছর এগিয়ে শুরু হবে সিকুয়েলের গল্প। ইতিমধ্যেই মুম্বইয়ে প্রায় ৮ একর জায়গা জুড়ে ছবির সেট তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। ছবির প্রযোজনার দায়িত্বে সোহম শাহ-র সঙ্গে যুক্ত হয়েছেন জয়ন্তীলাল গাড়া। পরিচালনায় থাকছেন আদেশ প্রসাদ। ২০২৭-এর ডিসেম্বরে ছবিটি মুক্তির পরিকল্পনা রয়েছে।
আটার পুতুল হাতে সোহম-আলিয়া