প্রয়াত স্যাম
মারা গেলেন ‘জুরাসিক পার্ক’-খ্যাত অভিনেতা স্যাম নিল। অস্ট্রেলিয়ার সিডনিতে প্রয়াত হলেন তিনি। বয়স হয়েছিল ৭৮ বছর। সোমবার অভিনেতার ইনস্টাগ্রাম পেজে একটি বিবৃতি প্রকাশ করে লেখা হয়, “অত্যন্ত দুঃখের সঙ্গে স্যাম নিলের পরিবারের তরফে তাঁর প্রয়াণের খবর জানানো হচ্ছে।” দীর্ঘ দিন ধরেই স্যাম এক বিরল ধরনের ব্লাড ক্যানসারের সঙ্গে লড়াই করছিলেন। গত এপ্রিলে অভিনেতা জানান যে, তিনি ক্যানসারমুক্ত। এ দিন বিবৃতিতেও সে কথা উল্লেখ করে লেখা হয়, “এই মৃত্যু একেবারেই আকস্মিক ও অপ্রত্যাশিত... স্যাম ক্যানসারমুক্ত ছিলেন।” পাঁচ দশকের দীর্ঘ ও বৈচিত্রময় কর্মজীবনে বহু চলচ্চিত্র ও টেলিভিশন সিরিজ়ে অভিনয় করেছেন স্যাম। তার মধ্যে রয়েছে অস্কারজয়ী চলচ্চিত্র ‘দ্য পিয়ানো’। শন কনারি, অ্যালেক বল্ডউইনের সঙ্গে কাজ করেছেন ‘দ্য হান্ট ফর রেড অক্টোবর’ ছবিতে। ‘পিকি ব্লাইন্ডার্স’ সিরিজ়েও প্রশংসিত হন স্যাম। তবে স্টিভেন স্পিলবার্গের ‘জুরাসিক পার্ক’ সিনেমায় ড. অ্যালান গ্রান্ট-এর চরিত্রে তিনি সবচেয়ে বেশি জনপ্রিয়তা পান।