আগামী মাধ্যমিকের
রুটিন প্রকাশ পর্ষদের
নিজস্ব সংবাদদাতা
মাধ্যমিক পরীক্ষার রুটিন প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। সোমবার তারা জানায়, ১৫ ফেব্রুয়ারি থেকে পরীক্ষা শুরু হবে। চলবে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত। সকাল ১০টা ৪৫ থেকে পরীক্ষা শুরু হবে এবং শেষ হবে বেলা দু’টোয়। ১০টা ৪৫ মিনিটে প্রশ্নপত্র দেওয়ার পরে প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় মিলবে। বেলা ১১টা থেকে লেখা শুরু করতে হবে। ১৫ ফেব্রুয়ারি প্রথম ভাষা, ১৬ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা, ১৮ ফেব্রুয়ারি ইতিহাস, ১৯ ফেব্রুয়ারি ভূগোল, ২২ ফেব্রুয়ারি অঙ্ক, ২৩ ফেব্রুয়ারি ভৌতবিজ্ঞান, ২৪ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান, এবং ২৫ ফেব্রুয়ারি ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা।
খবর, আগামী বছরের মাধ্যমিক পরীক্ষার্থী হিসেবে রেজিস্ট্রেশনের আর কোনও সুযোগ মিলবে না। কারণ, নির্ধারিত সময়ের পরেও দু’বার ‘লেট ফাইন’ দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছিল। পর্ষদের এক কর্তা বলেন, ‘‘গত বছর ৮ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত সুযোগ দেওয়া হয়েছিল। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্তও ফের সুযোগ দেওয়া হয়েছিল। প্রথম বার প্রায় ৫০ হাজার ও পরের বার প্রায় ৩৫০০ পড়ুয়া লেট ফাইন দিয়ে রেজিস্ট্রেশন করেছে।’’ তাঁর বক্তব্য, ‘‘রেজিস্ট্রেশনের নির্ধারিত সময়ের পরে নবম শ্রেণির পড়ুয়াদের দু’বার সামেটিভ এবং দশম শ্রেণিতে একবার সামেটিভ হয়েছে। তারা কি সেই পরীক্ষা দেয়নি?’’ ২০২৮ সালে যারা মাধ্যমিক দেবে তাদের রেজিস্ট্রেশনের সময়সীমা চলতি বছরের ১৩ জুলাই থেকে ২৫ অগস্ট পর্যন্ত। ২০২৮ সালে যারা মাধ্যমিক দেবে তাদের জন্মতারিখ ২০১৩ সালের ৩১ অক্টোবর বা তার আগে হতে হবে।