ডিম ছোড়া ঠেকাতে পুলিশের জন্য নির্দেশিকা
শিবাজী দে সরকার
পালাবদলের পরেই বিভিন্ন অভিযোগে রাজ্যের নানা জায়গায় তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছেন। অভিযোগ উঠছে, গ্রেফতার করার পরে অভিযুক্তদের থানা বা আদালতে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুড়ছেন বিজেপি নেতা-কর্মী এবং স্থানীয় বাসিন্দাদের একাংশ।
ওই পরিস্থিতিতে কলকাতা হাই কোর্ট কড়া অবস্থান নিয়েছিল। এ বার অভিযুক্ত নেতানেত্রীদের উপরে ডিম ছোড়া কিংবা জুতো, পাথর এবং অন্যান্য আপত্তিকর বস্তু নিক্ষেপ ঠেকাতে জেলা পুলিশ এবং পুলিশ কমিশনারেটের জন্য এক গুচ্ছ নির্দেশিকা জারি করেছে রাজ্য পুলিশ প্রশাসন। যেখানে এই নির্দেশাবলি বাস্তবায়নে ইচ্ছাকৃত অবহেলা করলে পুলিশকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে বলে সূত্রের দাবি।
নবান্ন সূত্রের খবর, ওই বিশৃঙ্খলা ঠেকাতে আদালত, স্থানীয় প্রশাসন ও পুলিশ এবং অন্যান্য সংস্থার সঙ্গে আগাম যোগাযোগ ও সমন্বয় তৈরি করতে বলা হয়েছে। পাশাপাশি সাইবার মনিটরিং ইউনিটগুলোকে সর্তক করে বলা হয়েছে তারা যেন সোশাল মিডিয়ার উপরে নজরদারি চালায়। এই ধরনের ঘটনার যদি কোনও আঁচ পাওয়া যায়, তা হলে সঙ্গে সঙ্গে স্থানীয় থানার আধিকারিক বা পুলিশকর্তাদের জানাতে বলা হয়েছে। যাতে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে পারে। সেই সঙ্গে ডিম ছোড়ায় যুক্তদের বিরুদ্ধে আইনের ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে ওই নির্দেশিকায়।
এমন ঘটনার পরেই সিসিটিভি ফুটেজ, বিভিন্ন মাধ্যমের ভিডিয়ো ফুটেজ ও অন্যান্য বৈদ্যুতিন প্রমাণাদি সংগ্রহ করতে
বলা হয়েছে।
প্রশাসন সূত্রের খবর, অভিযুক্তকে আদালতে নিয়ে আসা বা ফেরত
নিয়ে যাওয়ার জন্য গোটা রাস্তার নিরাপত্তা বৃদ্ধি করতে বলা হয়েছে। এর সঙ্গেই প্রয়োজন মতো জায়গায় ভিড় নিয়ন্ত্রণ করার সঙ্গেই সন্দেহজনক বস্তু থাকলে তা পরীক্ষা করতে
বলা হয়েছে।
একাধিক জেলা পুলিশ সূত্রের খবর, সিসিটিভি নজরদারির সঙ্গেই ড্রোনের মাধ্যমে নিরাপত্তা নজরদারি চালাতে বলা হয়েছে। এ ছাড়া অভিযুক্তের বাসভবন, অফিস কিংবা অনান্য সম্ভাব্য জায়গা যেখানে হামলা হতে পারে সে সব জায়গায় পুলিশ মোতায়েন করতে বলা হয়েছে। মূলত গোয়েন্দাদের থেকে পাওয়া তথ্যের উপরেই বেশি জোর দিতে বলা হয়েছে প্রশাসনের তরফে।
প্রসঙ্গত, ভোটের প্রচারে উস্কানিমূলক মন্তব্যের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তদন্ত করছে সিআইডি। সেই মামলায় তাঁর কণ্ঠস্বরের নমুনা পরীক্ষা করতে চাওয়া হয়েছে। আগামী শনিবার বিধাননগর আদালতে ওই কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার দিন ধার্য হয়েছে। ওই দিন যাতে কেউ পাথর বা ডিম না ছোড়ে তৃণমূলের ওই সাংসদের উপরে, সে জন্য পুলিশকে সব রকম ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছে আদালত।