আরও লগ্নি
নিজস্ব সংবাদদাতা
পশ্চিমবঙ্গের ব্যবসায়িক কর্মকাণ্ডে আরও জোর দিতে চায় ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট। সে জন্য বাড়াতে চায় লগ্নি। সোমবার সংস্থার সিইও কল্যাণ কৃষ্ণমূর্তি জানান, তাঁদের ব্যবসার নিরিখে এ রাজ্য উপরের দিকেই রয়েছে। এর মধ্যে হরিণঘাটার হাব তথা ‘ফুলফিলমেন্ট সেন্টার’ দেশের অন্যতম বৃহৎ। আয়তন ৫০ লক্ষ ঘনফুট। এখনও পর্যন্ত ফ্লিপকার্ট রাজ্যে কয়েক হাজার কোটি টাকা লগ্নি করেছে। আগামী দিনে আরও পুঁজি ঢালা হবে। সংস্থা সূত্রের দাবি, ২০২৫-এ তারা এখানে ৭০ হাজার কোটি টাকার ব্যবসা করেছে। এ বছর তা ৮৫ হাজার কোটি ছোঁবে। এতে রাজ্যের জিএসটি বাবদ আয়ও বাড়বে। বর্তমানে পশ্চিমবঙ্গে ফ্লিপকার্টের ৩০০টি ফুলফিলমেন্ট সেন্টার, মাদার হাব, ৯০টি মাইক্রো ফুলফিলমেন্ট সেন্টার রয়েছে। প্রত্যক্ষ ও পরোক্ষে প্রায় ১.৫ লক্ষ কর্মসংস্থান হয়।