প্রশ্ন রাহুলের বিদেশযাত্রায়
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ১৩ জুলাই: লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ ভ্রমণ নিয়ে আবার প্রশ্ন তুলল বিজেপি। দলের আইটি শাখার প্রধান অমিত মালবীয় বলেন, “রাহুল গান্ধীর ২২ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত বিদেশ সফর রহস্যে মোড়া। তিনি কোথায় গিয়েছিলেন? কার সঙ্গে দেখা করেছিলেন? তাঁর ওই সফরের থাকা-খাওয়া, টিকিটের ব্যয় কে বহন করছেন? বিরোধী দলনেতার উচিত ওই সব প্রশ্নের জবাব দিয়ে নিজের ভাবমূর্তি স্বচ্ছ করা।” অমিতের যুক্তি, বিদেশ সফরে বিরোধী দলনেতা এমন কোনও বৈঠক করেছেন কি না, যা ভারতের রাজনৈতিক বা কৌশলগত স্বার্থের উপর প্রভাব ফেলতে পারে— তা জানার অধিকার জনগণের রয়েছে। কংগ্রেস রাহুলের বিদেশ সফরের বিষয়টি স্বীকার করলেও, কোথায় গিয়েছিলেন তা নিয়ে কিছু বলেনি।