‘ঠিক সময়েই চুক্তি’
নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি, ১৩ জুলাই: বুধবার থেকে ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্য চুক্তি কার্যকর হতে চলেছে। ভারতের অধিকাংশ পণ্য বিনা শুল্কে ব্রিটেনে রফতানি হবে। কিন্তু ভারত-আমেরিকা দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি কবে সই হবে, তা নিয়ে এখনও কোনও সময়সীমা বাঁধতে নারাজ কেন্দ্র। ভারত-আমেরিকার মধ্যে বাণিজ্যের পরিমাণ বাড়ছে। তবে ভারত থেকে আমেরিকায় রফতানি জুনে ১.২১% কমেছে। আমেরিকা থেকে আমদানি বেড়েছে ৩৩.৮৬%।
বাণিজ্য মন্ত্রকের এক শীর্ষ আধিকারিক সোমবার জানান, ভারত-আমেরিকার মধ্যে চুক্তি আলোচনা মসৃণ ভাবে এগোচ্ছে। যখন ঠিক সময় আসবে, তখন চুক্তি সই হবে। গত মাসেই কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়ালের সঙ্গে আমেরিকার বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ারের বৈঠক হয়েছিল। বাণিজ্য মন্ত্রক সূত্রের বক্তব্য, কোনও দেশের সঙ্গে বাণিজ্য চুক্তির মূল লক্ষ্য অন্য দেশের তুলনায় সে দেশের বাজারে বাড়তি অগ্রাধিকার ও বাড়তি সুবিধে
নিশ্চিত করা। ফেব্রুয়ারিতে যে চুক্তির কাঠামো ঠিক হয়েছিল, তার মধ্যেই দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে দু’দেশের কথা চলছে।
বাণিজ্য চুক্তি নিয়ে এই দর কষাকষির মধ্যেই আমেরিকা ভারতের উপরে ১২.৫% হারে শুল্ক চাপানোর প্রস্তাব করেছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের অভিযোগ, এই দেশগুলিতে শ্রমিকদের জোর করে খাটিয়ে সস্তায় পণ্য তৈরি হয়। কারখানায় অতিরিক্ত পণ্য তৈরির ক্ষমতা হয়েছে। তাই এ সব দেশ থেকে আমেরিকায় পণ্য আমদানিতে রাশ টানা উচিত। এখন আমেরিকা ভারতের উপরে ১০% হারে শুল্ক চাপাচ্ছে। মেয়াদ আগামী ২৪ জুলাই পর্যন্ত। বাণিজ্যসচিব রাজেশ আগরওয়ালের বক্তব্য, ‘‘সে দিকে লক্ষ রাখছি। আশা, কিছু সমাধানসূত্র বার হবে।’’