আসছে ১০ কেজির বাণিজ্যিক সিলিন্ডার
পশ্চিম এশিয়ায় সংঘাতের আবহে বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম আকাশ ছুঁয়েছে। দিল্লি বাদে দেশের প্রায় সর্বত্র ওই ১৯ কেজির সিলিন্ডার পেরিয়ে গিয়েছে ৩০০০ টাকা। কলকাতায় দাম ৩০৮১.৫০ টাকা। সূত্রের খবর, এই পরিস্থিতিতে বাণিজ্যিক গ্যাসের ক্রেতাদের খানিকটা সুরাহা দিতে বাজারে ১০ কেজি ওজনের সিলিন্ডার আনার পথে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি। এখন ১৯ কেজির পাশাপাশি সেটি ৫ ও ২ কেজির সিলিন্ডারে পাওয়া গেলেও
অভিযোগ, সেগুলি দ্রুত ফুরিয়ে যায়। তেল সংস্থা সূত্রের দাবি, চূড়ান্ত ছাড়পত্র পেলে খুব শীঘ্রই ১০ কেজির বাণিজ্যিক সিলিন্ডার বাজারে আসতে পারে। দাম হবে ১৯ কেজির অর্ধেক। কলকাতায় ১৬০০ টাকার মতো। ১৯ কেজির বদলে যাতে ১০ কেজির সিলিন্ডারের বিক্রি বেশি হয়, সে দিকে নজর দেওয়া হবে। নিজস্ব সংবাদদাতা