বন্ধ কারখানার জমিতে কয়েক দশক ধরে বাস ৩০০ ঘর ভাড়াটের পরিবারের। রয়েছে দোকান, বাজার। সে সব উৎখাত করে প্রোমোটিং করতে শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত দফায় দফায় আক্রমণ চালানোর অভিযোগ উঠল। ঘটনায় উত্তেজনা ছড়ায় হাওড়ার দাশনগরের বিরাজময়ী রোডে। অভিযোগ, আক্রান্ত হন বধূরা। ঘরে ঢুকে এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের চেষ্টাও হয়।
এই ঘটনার পরে এ দিন আক্রান্ত পরিবার ও ব্যবসায়ীরা দাশনগর থানায় বিক্ষোভ দেখিয়ে অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, দীর্ঘ বছর আগে বন্ধ হওয়া ইন্ডিয়া মেশিনারি কারখানার জমিতে শ্রমিকেরা বংশ পরম্পরায় ঘরবাড়ি করে থাকতেন। সেখানেই তৈরি হয় বাজার, দোকানপাট। গত কয়েক বছর ধরে প্রোমোটারের লোকজন কারখানার জমি কিনে নেওয়া হয়েছে বলে প্রচার চালিয়ে ভাড়াটেদের উঠে যাওয়ার হুমকি দেয়। সম্প্রতি উচ্ছেদের নোটিসও দেওয়া হয়। যার পরিপ্রেক্ষিতে ‘দাশনগর বাঁচাও কমিটি’ তৈরি করে পথসভা করা হয়।
অভিযোগ, শুক্রবার রাতে ১৫-২০ জন দুষ্কৃতী আক্রমণ করে। সুবিনীতা পাত্র নামে এক আক্রান্ত মহিলা বলেন, ‘‘ওরা বাড়িতে ঢুকে হাতে লোহার রড দিয়ে মারে। প্রতিবেশী এক মহিলাকে গলা টিপে খুনের চেষ্টা করে।’’ নীলিমা চোঙদার নামে আর এক মহিলার দাবি, ‘‘২১ সেপ্টেম্বরের মধ্যে ঘর না ছাড়লে বুলডোজ়ার দিয়ে ভেঙে দেওয়ার হুমকি দিয়েছে।’’
হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পারিষদ বিভাস হাজরার অভিযোগ, ‘‘২০২২ সালে ওই বন্ধ কারখানা থেকে যন্ত্রাংশ পাচারের চেষ্টা করা হলে বাধা দিয়েছিলাম। গতকাল থেকে বাড়ি বাড়ি ঢুকে মহিলাদের মারধর করছে, খুনের হুমকি দিচ্ছে। প্রতিবাদে আদালতে যাচ্ছি।’’
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, ‘‘এই বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। যারা গোলমাল করেছে, তাদের চিহ্নিত করা হচ্ছে।’’