নথি জাল-কাণ্ডে জেল হেফাজত
}} নথি জাল করে জমি জবরদখলের ইডি-র মামলায় প্রোমোটার অমিত গঙ্গোপাধ্যায়ের জেল হেফাজতের নির্দেশ দিলেন বিচার ভবনের সিবিআই বিশেষ আদালতের বিচারক। শনিবার অমিতের আইনজীবী শর্তাধীনে জামিনের আবেদন করেন। তার বিরোধিতা করে জেল হেফাজতের আবেদন করেন ইডির আইনজীবী। ইডির দাবি, তাঁর বিরুদ্ধে এফআইআরের সংখ্যা ২৩। জালিয়াতির কালো টাকা কোথায় বিনিয়োগ হয়েছে, তার তদন্তে প্রয়োজনে অমিতের সহযোগীদের বিরুদ্ধেও কড়া আইনি পদক্ষেপ করা হতে পারে।
টাকা-গয়না চুরি
}} বন্ধ ফ্ল্যাটে কেউ না থাকার সুযোগে আলমারি থেকে ১০ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না চুরির অভিযোগ উঠল। অভিযোগ, লকার থেকে ২ লক্ষ টাকাও উধাও। আনন্দপুর থানায় অভিযোগকারী কাসিফ খুরসিদ তপসিয়ার আবাসনের চারতলায় সপরিবার থাকেন।
কাজের মূল্যায়ন
}} সিভিক ভলান্টিয়ারদের কাজের মূল্যায়ন করবেন থানা বা ট্র্যাফিক গার্ডের ওসি বা ইউনিট ইনচার্জ। তিন মাস অন্তর ডিসি হোমগার্ডকে কাজের রিপোর্ট দিতে হবে তাঁদের। কলকাতা পুলিশের নগরপালের তরফে সিভিক ভলান্টিয়ারদের জন্য আচরণ বিধি প্রকাশ করা হয়েছে। সেখানে ওই নির্দেশ রয়েছে। সিভিক ভলান্টিয়ারদের শৃঙ্খলা দেখাতে বলা হয়েছে। শৃঙ্খলাভঙ্গে চাকরি থেকে বরখাস্ত হতে পারে।
বাইক নিয়ে কড়া
}} পুজোয় বেপরোয়া বাইক ধরা পড়লে বাজেয়াপ্ত করবে পুলিশ। নথি দেখিয়ে লালবাজার থেকে তা ছাড়াতে হবে। বাজেয়াপ্ত বাইক রাখতে ট্র্যাফিক গার্ডকে পৃথক জায়গা দেখার নির্দেশ দিল লালবাজার। শনিবার লালবাজারের কর্তারা ট্র্যাফিকের সঙ্গে বৈঠকে পুজোয় হেলমেটহীন, বেপরোয়া ও মত্ত চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন।