ওয়েস্ট ইন্ডিজ়ের দল ঘোষণা
ভারতের বিরুদ্ধে সাদা বলের সিরিজ়ের দল ঘোষণা করল ওয়েস্ট ইন্ডিজ়। ২৭ সেপ্টেম্বর থেকে ১৭ অক্টোবর তিনটি ওয়ান ডে এবং পাঁচটি টি-টোয়েন্টি হবে এই সিরিজ়ে। ওয়ানডে দলে এসেছেন জন ক্যাম্পবেল। চোটের জন্য নিউ জ়িল্যান্ড সিরিজ়ের শেষ দুটি ম্যাচে তিনি ছিলেন না। পাশাপাশি টি-টোয়েন্টি সিরিজ়ের দলে রাখা হয়েছে শিমরন হেটমায়ারকে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে নজর কাড়া ওপেনার কামিল পুরানকেও প্রথম বার জাতীয় দলে ডাকা হয়েছে। সিপিএলে ৮ ইনিংসে তিনি করেন ২৭৩ রান।
শিল্ডে আকাশরা?
কলকাতা লিগ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই দামামা বেজে গিয়েছে আইএফএ শিল্ডের। মঙ্গলবার উদ্বোধনে ইস্টবেঙ্গলের মুখোমুখি হবে মহমেডান স্পোর্টিংয়ের। সেই ম্যাচে সিনিয়র দল খেলাতে রাজি হচ্ছেন না আন্তোনিয়ো লোপেস হাবাস, শনিবার জানিয়েছেন ইস্টবেঙ্গলের অন্যতম শীর্ষকর্তা দেবব্রত সরকার। তবে কি আকাশ হেমব্রম সহ রিজ়ার্ভ দল খেলবে? সেই সম্ভাবনাই ক্রমশ উজ্জ্বল হচ্ছে। এ দিকে লিগের অন্য ম্যাচে ভবানীপুর গোলশূন্য ড্র করেছে ইউনাইটেড স্পোর্টসের বিরুদ্ধে।
অনিশ্চিত রাচিন
ভারতের বিরুদ্ধে আসন্ন পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ়ে রাচিন রবীন্দ্র অনিশ্চিত। নিউ জ়িল্যান্ডের অলরাউন্ডার অকল্যান্ডে একটি বিজ্ঞাপনের শুটিংয়ের সময় কাঁধে চোট পেয়েছেন। ডাইভ দিয়ে ক্যাচ নিতে গিয়ে চোট লাগে তাঁর। চিকিৎসকেরা যদিও জানিয়েছেন, তাঁর আঘাত গুরুতর নয়। তবে কত দ্রুত সুস্থ হয়ে উঠছেন তার উপরে নির্ভর করবে সিরিজ়ে অংশ নেওয়া। আগামী মাসে শুরু হওয়া সিরিজ়ের আয়োজক দেশ নিউ জ়িল্যান্ড। এখনও তাঁরা দল ঘোষণা করেনি।
ইংল্যান্ড ৩-০
টি-টোয়েন্টি সিরিজ়ে শ্রীলঙ্কাকে ৩-০ হারাল ইংল্যান্ড। শনিবার ১২৫ রান তাড়া করতে নেমে ৯.৪ ওভারে ১২৬-২ করে জেতেন হ্যারি ব্রুকরা। জস বাটলার ৩২ বলে করেন অপরাজিত ৬২। টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে এল ইংল্যান্ড।