এক নাবালিকাকে বিয়ে এবং গর্ভবতী করার দায়ে এক যুবককে দোষী সাব্যস্ত করেছে শিয়ালদহ কোর্ট। শনিবার এই রায় দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক (১) শরণ্যা সেন প্রসাদ। আগামিকাল, সোমবার সাজা ঘোষণা। এই মামলার বিশেষ সরকারি কৌঁসুলি অসীম কুমার জানান, পকসো আইনের ৬ নম্বর ধারায় দোষী সাব্যস্ত করা হয়েছে। এই ধারায় ন্যূনতম ২০ বছরের কারাবাসের বিধান আছে।
নাবালিকা বিয়ে রুখতে সম্প্রতি কড়া আইনি পদক্ষেপের কথা বলেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার পরে খাস কলকাতার বুকে এই ঘটনা বিশেষ ‘তাৎপর্যপূর্ণ’। পুলিশ সূত্রের খবর, বছর তিনেক আগে এক যুবক এক কিশোরীকে নিয়ে পালান। মাস চারেক আগে সন্তান প্রসবের জন্য কিশোরী আর জি কর হাসপাতালে ভর্তি হয়। হাসপাতাল থেকেই পুলিশ খবর পেয়ে কিশোরীর বাড়ির ঠিকানায় যোগাযোগ করে। গ্রেফতার হয়েও জামিনও পেয়েছিলেন কিশোরীর স্বামী। বিশেষ সরকারি কৌঁসুলির মতে, বিয়ের সময়ে ২৮ বছর বয়স ছিল যুবকের। তিনি সজ্ঞানেই ওই কাজ করেছিলেন। এ দিন কোর্টে হাজির ছিলেন অভিযুক্ত। দোষী সাব্যস্ত হওয়ার পরে তাঁকে জেল হেফাজতে পাঠানো হয়।