শিলিগুড়ি: কার্শিয়াঙের সিটংয়ে বারবিকিউ-কাণ্ডে হোমস্টে-র মালিক-সহ চার জনকে শনিবার গ্রেফতার করল পুলিশ। ধৃতেরা হলেন হোমস্টে-র মালিক নেহাল আইরন এবং তাঁর বাবা পবনকুমার, হোমস্টে-র ম্যানেজার দীপেন লামা এবং নাসিরুদ্দিন নামে এক ব্যক্তি। কোর্টের নির্দেশে জেরার জন্য তাঁদের চার দিন হেফাজতে পেয়েছে পুলিশ। পুলিশের অনুমান, নাসিরুদ্দিন ঘটনার দিন বারবিকিউয়ের আগুনে একটি জার থেকে তারপিন তেল ঢালায় ওই অগ্নিকাণ্ড। অগ্নিদগ্ধ নিকিতা সাহা শিলিগুড়ির নার্সিংহোমে চিকিৎসাধীন।
১৩ সেপ্টেম্বর রাতে ওই আগুনে শরীরের অনেকটাই পুড়ে যায় নিকিতার। আহত হন তাঁর স্বামী সৌভিক দাসও। হোমস্টে-র মালিক দাবি করেছিলেন, জার থেকে আগুনে তেল ঢেলেছেন যিনি, তিনি তাঁদের কর্মী নন। হোমস্টে-তে যে রং মিস্ত্রি কাজ করেন, তাঁর ছেলে। পুলিশের দাবি, নাসিরুদ্দিনই সেই ব্যক্তি। তাঁর বাড়ি উত্তর দিনাজপুরের চোপড়ায়।
সূত্রের খবর, বারবিকিউয়ের আগুনে যে তরল ঢালা হয়েছিল তা তারপিন তেল কি না, তা ফরেন্সিক দল খতিয়ে দেখবে।