বিরোধীদের দফতর, প্রাক্তন বিধায়কের বাড়িতে ভাঙচুর, লুটপাটের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। বিজেপি অভিযোগ মানেনি। অভিযোগ, যাদবপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবব্রত মজুমদারের বাড়ি ভাঙচুর ও লুটপাট হয়েছে, প্রাক্তন পুর-প্রতিনিধি বসুন্ধরা গোস্বামীর বাড়ি শনিবার গভীর রাত পর্যন্ত ঘিরে রাখা হয়েছে। তৃণমূলের বেশ কিছু দফতরেও ভাঙচুর চলেছে। ওয়ার্ড পুনর্বিন্যাসের আগের অবস্থান অনুযায়ী যাদবপুরের পুরনো ৯৬, ১০২ ওয়ার্ড-সহ বিভিন্ন জায়গায় বিজেপির মত্ত গুন্ডাবাহিনী বামেদের দফতর ও শহিদবেদিতে হামলা চালিয়েছে, অভিযোগ সিপিএমের। দলের নেতা সুদীপ সেনগুপ্ত বলেন, “বিজেপি নেতৃত্বকে বলব, তাঁরা তাঁদের এই দুষ্কৃতীবাহিনীকে সংযত করুন।” নিজস্ব সংবাদদাতা