নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর: ‘সরকারি ব্যবস্থা’ এখন পড়ুয়াদের বদলে শুধু ‘অন্ধ ভক্ত’ চায় বলে ইন্দোরে ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এর মঞ্চ থেকে অভিযোগ তুললেন রাহুল গান্ধী।
আজ সন্ধ্যায় বিজেপিশাসিত মধ্যপ্রদেশের ইন্দোরের জনসভা থেকে রাহুল অভিযোগ তুলেছেন, এখন ‘সরকারি ব্যবস্থা’ ছাত্রদের ভয় পেতে শুরু করেছে। কারণ ছাত্ররা প্রশ্ন করছেন। তাঁরা প্রশ্ন করছেন, অমিত শাহের ছেলে কী ভাবে ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি হয়ে গেলেন? কী ভাবে দু’জন শিল্পপতি দেশের সমস্ত শিল্প, ব্যবসা দখল করে ফেলেছেন? কেন বিচারবিভাগ নিজের কাজ করতে ব্যর্থ? কেন নির্বাচন কমিশন তার কর্তব্য পালন করছে না? ‘‘সেই কারণেই এই ‘সিস্টেম’ ছাত্রদের চায় না। শুধু অন্ধ ভক্ত চায়। কারণ অন্ধ ভক্ত নিজের খেয়ালের জগতে বাস করে।’’
আজকের জনসভার ঠিক আগেই দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচনে এবিভিপি চারটি আসনের মধ্যে তিনটি আসন জিতেছে। ফলে বিজেপি রাহুলের ‘ছাত্রোঁ কি গুঞ্জ’-এর সাফল্য নিয়েই প্রশ্ন তুলেছে। বিজেপি নেতারা দাবি করেন, যুবরা নরেন্দ্র মোদীর পাশেই রয়েছে। ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচিকে কটাক্ষ করে বিজেপি বলেছে, দিল্লি বিশ্ববিদ্যালয়ে ‘গুঞ্জ’ নয়, ‘ধমাকা’ শোনা গিয়েছে।