নিজের খরচে নেট বোলার নিয়ে সফরে যাচ্ছেন শুভমন
নিজস্ব প্রতিবেদন
১৭ অক্টোবর: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ওঠার জন্য নিউ জ়িল্যান্ড সিরিজ় গুরুত্বপূর্ণ ভারতের কাছে। তাই শুভমন গিল নিজের খরচে পাঁচ জন নেট বোলার নিয়ে নিউ জ়িল্যান্ডে যাচ্ছেন। তাঁদের যাতায়াত, থাকা-খাওয়ার খরচ ও পারিশ্রমিক নিজের পকেট থেকেই দেবেন ভারতীয় অধিনায়ক।
বিদেশে টেস্ট সিরিজ়ের সময় ভারতীয় ব্যাটসম্যানদের সুবিধার জন্য অতিরিক্ত নেট বোলারের বন্দোবস্ত করে ভারতীয় বোর্ড। সাধারণত, যে দেশে খেলা হয়, সেই দেশ থেকেই কয়েক জন বোলার বেছে নেওয়া হয়। কিন্তু ভারতীয় ক্রিকেটে প্রথম বার কেউ নিজের সঙ্গে নেট বোলারের একটি দল নিয়ে বিদেশ সফরে যাচ্ছেন। তা-ও নিজের খরচে।
সংবাদসংস্থা পিটিআই-কে ভারতীয় ক্রিকেট বোর্ডের এক আধিকারিক বলেন, “অদ্ভুত ঘটনা। শুভমন ভারত ‘এ’ দলের হয়ে খেলছে না। ওকে আবার এক দিনের সিরিজ়ও খেলতে হবে। শুভমন ২৩-২৪ অক্টোবর নিউ জ়িল্যান্ড চলে যাচ্ছে। সঙ্গে পাঁচ জন নেট বোলার নিয়ে যাচ্ছে। টেস্ট সিরিজ়ের জন্য আগে থেকে তৈরি থাকতে চাইছে শুভমন।’’
রোহিত শর্মার পরে টেস্টে অধিনায়ক হওয়ার শুরুতেই ইংল্যান্ড সফরে গিয়েছিলেন শুভমন। সেখানে পাঁচ টেস্টে ৭৫৪ রান করেছিলেন তিনি। নিউ জ়িল্যান্ডেও সেই ছন্দ বজায় রাখতে চাইছেন তিনি। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার সুযোগ এখনও রয়েছে ভারতের। তবে তার জন্য আগামী সাতটি টেস্ট খুব গুরুত্বপূর্ণ। নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে দু’টি টেস্টের পর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ় রয়েছে।