মিগুয়েলকে নিয়ে স্বস্তি মোহনবাগানে
নিজস্ব সংবাদদাতা
আইএসএলে এসসি দিল্লির বিরুদ্ধে জয়ের দিনেও সবুজ-মেরুন শিবিরে অস্বস্তি বাড়িয়েছিলেন মিগুয়েল ফিগুয়েরা। ম্যাচের সেরা হওয়ার পরেও তাঁর চোট নিয়ে চিন্তায় ছিলেন সমর্থকরা। জানা গিয়েছে আপাতত তিনি সুস্থ রয়েছেন।
দুর্গাপুজোর আবহে তিন পয়েন্ট মোহনবাগান শিবিরেও এনে দিয়েছে খুশির পরশ। মিগুয়েল প্রসঙ্গে মোহনবাগানের কোচ পানাইয়োটিস দিমপেরিস বলছিলেন, “মিগুয়েল সুস্থ রয়েছে।” আপাতত ফুটবলারদের তিন দিনের জন্য ছুটি দিয়েছেন পানাইয়োটিস। দুর্গাপুজোর আবহে বিদেশি সহ কয়েকজন সিনিয়র ভারতীয় ফুটবলার প্রতিমা দর্শনে বেরোতে পারেন। এমনকি গ্রিক কোচ নিজেও প্রতিমা দর্শনে আগ্রহী। তিনিও কয়েকটি মণ্ডপে যেতে পারেন।
এ দিকে দিল্লির বিরুদ্ধে পিছিয়ে পড়েও মোহনবাগানের জয়ের সাফল্যের রহস্য ফাঁস করতে গিয়ে ছক বদলের কথা শোনা গিয়েছে পানাইয়োটিসের মুখে। প্রথমার্ধে মোহনবাগান শুরু করে ৪-২-৩-১ ছকে। গোল খাওয়ার পরে সেই ছক বদলে হয়ে যায় ৩-৪-৩। লেফ্ট ব্যাকে চলে আসেন লালিয়ানজ়ুয়ালা ছাংতে। সবুজ-মেরুন কোচ বলছিলেন, “প্রতিআক্রমণ কমানোর জন্যই এই ছকে চলে যাই। সেটাই তিন পয়েন্ট এনে দিয়েছে। সব কৃতিত্ব ফুটবলারদের। শিল্ডেও এই ছকে কয়েকটি ম্যাচে খেলেছি।” তবে সুযোগ নষ্টের কথাও শোনা গিয়েছে পানোসের মুখে। “দিল্লির বিরুদ্ধে আরও বড় ব্যবধানে জেতা উচিত ছিল। নিজেদের খেলায় আরও উন্নতি করতে হবে,” বক্তব্য কোচের।
মোহনবাগানের পরবর্তী ম্যাচ ২৬ অক্টোবর চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে। সেই ম্যাচেও মিগুয়েল শুরু করবেন। অস্ট্রেলীয় স্ট্রাইকার জেমি ম্যাকলারেন সম্পূর্ণ চোটমুক্ত হলে পরিবর্ত হিসেবে নামতে পারেন।