নিউ জ়িল্যান্ডের চিন্তা সিরাজ, বলছেন সাউদি
নিজস্ব প্রতিবেদন
১৭ অক্টোবর: বুমরা নয়, মহম্মদ সিরাজকেই বেশি সমীহ করছেন নিউ জ়িল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদি। ভারতের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজ়ের আগে এমনই মন্তব্য করেছেন নিউ জ়িল্যান্ড দলের প্রাক্তন অধিনায়ক।
তাঁর মতে, টেস্ট ক্রিকেটে যশপ্রীত বুমরাকে সামলানোর অভিজ্ঞতা রয়েছে নিউ জ়িল্যান্ডের ব্যাটসম্যানদের। কিন্তু নিউ জ়িল্যান্ডের পরিবেশে সিরাজ সঠিক লেংথে বল করতে পারলে বিপক্ষের কাছে বড় বিপদ হয়ে উঠতে পারেন। বৃহস্পতিবার সোনি স্পোর্টস নেটওয়ার্ককে এক সাক্ষাৎকারে সাউদি বলেন, “টেস্ট ক্রিকেটে নিউ জ়িল্যান্ড বুমরাকে অবিশ্বাস্য ভাবে সামলেছে। আমার মনে হয় না, বুমরা এমন কোনও ভারতীয় দলের হয়ে খেলেছে, যারা নিউ জ়িল্যান্ডকে টেস্টে হারিয়েছে। টেস্টে বুমরার বিরুদ্ধে নিউ জ়িল্যান্ড অসাধারণ ক্রিকেট খেলেছে।’’
নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টেস্টে মাত্র ন’টি উইকেট নিয়েছেন বুমরা। তাঁর স্ট্রাইক রেট ৯২.৮, যা তাঁর ক্রিকেটজীবনে সামগ্রিক স্ট্রাইক রেটের (৪২.৮০) তুলনায় অনেক বেশি। বুমরা যে পাঁচটি টেস্টে খেলেছেন, প্রত্যেকটি নিউ জ়িল্যান্ডের কাছে হেরেছে ভারত।
সাউদি বলেছেন, “সিরাজের বোলিং আমার খুব ভাল লাগে। নিউ জ়িল্যান্ডে ও যদি সঠিক লেংথে বল করতে পারে, তা হলে ওকে সামলানো খুব কঠিন হবে।” তিনি আরও বলেন, “সিরাজ যে শক্তি নিয়ে বল করতে আসে, নিউ জ়িল্যান্ডের পরিবেশে ও যে প্রচুর সাফল্য পেতে পারে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।’’