তাইল্যান্ডের মন্দির থেকে নাগলোক, ভিড় টানছে থিম
রাজীবাক্ষ রক্ষিত
১৭ অক্টোবর: কোথাও তাইল্যান্ডের মন্দির তো কোথাও দক্ষিণ ভারতের। কোথাও কেদারনাথ তো কোথাও আবার নাগলোক! গুয়াহাটির বিভিন্ন এলাকার পুজোয় নজরকাড়া থিম ভিড় টানছে। আদাবাড়ি তিনিআলিতে কামাখ্যা নগর দুর্গাপুজো কমিটি পুরীর জগন্নাথ মন্দিরের আদলে নির্মিত প্যান্ডেল দর্শনার্থীদের অন্যতম প্রধান আকর্ষণ হতে চলেছে। মালিগাঁও কালীবাড়িতে চত্বরজুড়ে তৈরি হয়েছে জঙ্গলের পরিবেশ। সেখানে অবশ্য প্রতিমাই মূল আকর্ষণ।
কামাখ্যা কলোনির পুজোয় নানা রঙের সুতো, বেত, বাঁশের কাজ ও তাল মেলানো প্রতিমা নজর কাড়বে। অন্যতম সেরা ভিড় টানা পুজো রেস্ট ক্যাম্পের মণ্ডপ তৈরি হচ্ছে তাইল্যান্ডের মন্দিরের আদলে ইট ও সোনালি রঙের মিশেলে। ৬০ লক্ষ টাকা বাজেটের পুজোয় তৈরি করা হয়েছে ১৯ ফুট উচ্চতার দেবী দুর্গার প্রতিমা। পান্ডুর সুভাষ নগরের পুজোয় থিম নবান্ন। বহুতল, বহুস্তরীয় গোলাঘরের মণ্ডপে প্রতিটি গোলায় মায়ের মুখ আঁকা থাকছে।
অপর জনপ্রিয় পুজো আটগাঁও সার্বজনিক দুর্গাপুজোর মণ্ডপ তৈরি হচ্ছে হায়দরাবাদের শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরের আদলে। সেখানে প্রতি ৪৫ মিনিট অন্তর কলকাতা থেকে আসা শিল্পীরা বিশেষ আরতি প্রদর্শন করবেন। আটগাঁও পুখুরিপাড়ের পুজোয় এ বারের থিম উজানির বন্যা। একই ভাবে ৫১তম বর্ষে গীতানগর দুর্গাপূজার মণ্ডপেও থিম করা হয়েছে নেপাল ও উজানি অসমের প্রাকৃতিক বিপর্যয়কে। বীণাপানির পুজোয় জ়ুবিন গর্গ-সহ অসমের বিভিন্ন প্রয়াত শিল্পীর ছবি দিয়ে মণ্ডপ সাজানো হয়েছে।