পদ খোয়ালেন
ট্রাম্প-মুখপাত্র
ওয়াশিংটন ডিসি, ১৭ অক্টোবর: দায়িত্ব নেওয়ার পাঁচ দিনের মাথায় হোয়াইট হাউসের প্রেস সচিব পদ থেকে সরলেন কেটি জ়াকারিয়া। শুক্রবার দুপুরে হোয়াইট হাউসের দফতরে কেটি কর্মপরিকল্পনা নিয়ে দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে সাক্ষাৎকার দিচ্ছিলেন। সেই সময়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিনিয়র উপদেষ্টা জেসন মিলার ঢুকে ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স একটু কথা বলতে চান বলে তাঁকে ডেকে নিয়ে যান। প্রায় একই সময়ে প্রেসিডেন্সিয়াল হেলিপ্যাডে ট্রাম্প কেটির পদত্যাগের বিষয়টি সাংবাদিকদের কাছে পরোক্ষ ভাবে স্পষ্ট করে দেন।
সাংবাদিকদের ট্রাম্প বলেছেন, “আমি কেটিকে জিজ্ঞাসা করেছিলাম, এই দায়িত্বটা কি সত্যিই ওর উপযুক্ত? কারণ, সত্যি বলতে, ওর এই পদের কোনও প্রয়োজন ছিল না।” মঙ্গলবার প্রেস সচিব হিসেবে কেটির প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং ঘিরেই শুরু হয় বিতর্ক। ১৪ মিনিটের ব্রিফিংয়ে তৈরি করে আনা লেখা পড়েন তিনি। তার মধ্যেও মুখ ফসকে নিজের স্বামীকে ‘প্রেসিডেন্ট’ বলে সম্বোধন করেন। তার পরে শুধু তিনটি ট্রাম্প-ঘনিষ্ঠ সংবাদ প্রতিষ্ঠানের প্রশ্নের উত্তর দিয়ে চলে যান। তবে কেটির দাবি, ২৪ ঘণ্টারও কম সময়ের নোটিসে তাঁকে পোডিয়ামে দাঁড়াতে হয়েছিল। এ ছাড়া হোয়াইট হাউস প্রশাসন তাঁকে অ্যাটর্নি হিসেবে তুলে ধরলেও ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে কেটি স্বীকার করেছিলেন, তিনি আমেরিকায় আইন অনুশীলনের জন্য আবশ্যক বার পরীক্ষা উত্তীর্ণ হননি।
কেটির পাঁচ দিন হোয়াইট হাউসের মুখপাত্র দলের ইতিহাসের সংক্ষিপ্ততম কার্যকাল। পদ হারানোর পরে এক্স হ্যান্ডলে ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। হোয়াইট হাউসের তরফে জানানো হয়েছে, কেটিকে ট্রাম্প প্রশাসনে নতুন একটি পদে রাখা হবে। সংবাদ সংস্থা