চিকিৎসকদের ছুটি বাতিল মেডিক্যালে
নিজস্ব সংবাদদাতা শিলিগুড়ি
শিলিগুড়ি: পুজোর সময়ে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করলেন কর্তৃপক্ষ। সমস্ত চিকিৎসকদের ডিউটি তালিকা তৈরি হয়েছে। সকলেই যাতে পুজোর সময়ে উপস্থিত থাকেন সেই বিষয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনাও করেছেন রাজ্যের অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী তথা মেডিক্যালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আনন্দময় বর্মণ। তিনি বলেন, ‘‘সমস্ত চিকিৎসকেরা পরিষেবা দেবেন। পুজোর সময়ে মেডিক্যালে চিকিৎসা ব্যবস্থায় কোনও সমস্যা হবে না।’’
অভিযোগ, প্রতি বছরই পুজোর দিনগুলিতে চিকিৎসকদের ডিউটি রোস্টার তৈরি করা হলেও অনেকে চিকিৎসক উপস্থিত থাকেন না। জুনিয়র চিকিৎসকদের দিয়েই কাজ করাতে হত। এ বারে মেডিক্যালের চিকিৎসকদের আগাম সতর্ক করা হয়েছে বলে জানা গিয়েছে। কোনও চিকিৎসক জরুরি কাজ ছাড়া ছুটি পাবেন না বলে জানানো হয়েছে। — নিজস্ব সংবাদদাতা