নিয়ম মানার দাবি স্টারলিঙ্কের
}} ভারতে কৃত্রিম উপগ্রহভিত্তিক নেট (স্যাটকম) পরিষেবা নিয়ে তরজা অব্যাহত। শুক্রবার এ নিয়ে স্টারলিঙ্ক কর্ণধার ইলন মাস্কের আক্রমণের প্রেক্ষিতে প্রথম মুখ খুলেছিল মুকেশ অম্বানীর রিলায়্যান্স ইন্ডাস্ট্রিজ়। তার পরেই ফের পাল্টা তোপ দাগল মাস্কের সংস্থা। স্টারলিঙ্কের দাবি, ভারতে পাঁচ বছরের বেশি সময় ধরে নিয়ন্ত্রক, অপারেটর ও শিল্পমহলের সঙ্গে যুক্ত হয়ে কাজ করেছে তারা। যে পরিকাঠামো তৈরি করা হয়েছে, তাতে সব রকম সরকারি নিয়ম মানা হয়েছে। দ্রুতগতির ইন্টারনেট পরিষেবা দিতে সংস্থা তৈরি। ছাড়পত্র পেলেই পরিষেবা শুরু হবে। সপ্তাহ দেড়েক ধরে মাস্কের দাবি, ভারতে স্টারলিঙ্কের পরিষেবা চালু করতে না দেওয়ার পিছনে রয়েছেন অম্বানীরা। এ দফায় এক্সে স্টারলিঙ্ক যে পোস্ট করেছে, সেখানে শুক্রবার রিলায়্যান্সের করা মন্তব্যকেও যুক্ত (ট্যাগ) করা হয়েছে। রিলায়্যান্স জানিয়েছিল, শুধু স্টারলিঙ্ক নয়। আটকে রয়েছে জিয়োর স্যাটকম পরিষেবাও। কেন্দ্র সব দিক খতিয়ে দেখে ছাড়পত্র দিলে চালু হবে। তাদের বার্তা, রিলায়্যান্স কোনও প্রতিযোগিতাকেই ভয় পায় না।
সরছেন ভারুচা
}} এইচডিএফসি ব্যাঙ্কের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর পদ ছাড়ছেন কাইজ়াদ ভারুচা। ৩১ ডিসেম্বর থেকে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন তিনি। ব্যাঙ্কের পর্ষদ ভারুচার এই অনুরোধ গ্রহণ করেছে এবং সায়ের জন্য তা রিজ়ার্ভ ব্যাঙ্কের কাছে পাঠাবে। ১৯৯৫ সাল থেকে ব্যাঙ্কের সঙ্গে যুক্ত ভারুচা। সংশ্লিষ্ট মহলের মতে, ২৭ অক্টোবর ব্যাঙ্কটির এমডি-সিইও হিসেবে দায়িত্ব নেবেন অনুপ বাগচী। যে পদে ভারুচার নামও বিবেচনায় উঠে এসেছিল। সেই প্রেক্ষিতে বাগচীর দায়িত্ব নেওয়ার আগে তাঁর পদত্যাগ তাৎপর্যপূর্ণ।
শিশুদের খাবারে
}} ছ’মাস বয়স পর্যন্ত শিশুদের খাদ্যপণ্যে ফ্রুক্টোজ় ও সুক্রোজ় মেশানোয় নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাব দিল এফএসএসএআই। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের বিবৃতি অনুযায়ী, শিশুদের স্বাস্থ্যের সুরক্ষার লক্ষ্যে ও তাদের খাবারে অতিরিক্ত চিনির পরিমাণ কমাতেই এই পদক্ষেপ করা হয়েছে। অন্য দিকে, ‘প্রিয়াগোল্ড’ বিস্কুট তৈরির সময়ে গবাদি পশুর খাদ্যের অংশ (ভুসি) ব্যবহার করা এবং অন্যান্য গুরুতর নিয়ম লঙ্ঘনের অভিযোগে ‘সূর্য ফুড অ্যান্ড অ্যাগ্রো’-এর বিরুদ্ধে আইনি পদক্ষেপ শুরু করেছে খাদ্য নিয়ন্ত্রক।
রাজ্যে নতুন শাখা
}} রাজ্যে নতুন ৪০টি শাখা খুলতে চলেছে ইন্ডিয়ান ওভারসিজ় ব্যাঙ্ক। শনিবার কলকাতায় এমডি-সিইও অজয় শ্রীবাস্তব বলেন, ‘‘পশ্চিমবঙ্গে রাজনৈতিক পালাবদলের পরে আর্থিক লেনদেন দ্রুত বাড়বে বলে আশা। তার সুযোগ নিতেই রাজ্যে উপস্থিতি বাড়ানোর পরিকল্পনা করেছি। বর্তমানে রাজ্যে ব্যাঙ্কের ১৭০টির মতো শাখা রয়েছে।’’ রাজ্যে ব্যবসার পরিমাণ দ্বিগুণ করার লক্ষ্যও স্থির করেছে ব্যাঙ্ক।
কোর্টে ইমরান
}} এফআরআরও-র নোটিসের উপর জরুরি স্থগিতাদেশ চেয়ে বম্বে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন অভিনেতা ইমরান খান। ওই নোটিসে তাঁকে ২৮ অক্টোবরের মধ্যে ভারত ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। আবেদনটি সোমবার জরুরি শুনানির জন্য উত্থাপন করা হবে।